বিভিন্নভাবে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি নারী ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।
সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সালমা (২২), পটুয়াখালীর রিতা রানী (৪৫), গোপালগঞ্জের আল্লাদী বিশ্বাস (৫৫), মনিকা পান্ডে (২১) ও তার ছেলে কৌশিক (১)।
ফেরত আসা নারীরা জানায়, স্থানীয় দালালচক্র ভাল চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা।
পরে লিলুয়া সেল্টার হোম নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। এরপর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার তাদের ফেরত আনা হয়।
বাংলাদেশ আইনজীবী সমিতির যশোর অফিসের কাউন্সিলর নুরুন্নাহার জানান, এসব নারীরা তাদের সেল্টার হোমে থাকবেন। পরে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুর রহমান টাইমনিউজ'কে বলেন, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারীরা ভারতে পাচার হয়েছিলেন। তাদের আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।
এসএন/ এআর





