মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার।

চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর রোজায় দোকান খোলা নিয়ে দ্বন্দ্ব।

তবে খুলছে না রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউমার্কেট। করোনার সংক্রমণ রোধে অভিজাতদের কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকা বসুন্ধরা শপিংমলও না খোলার সিদ্ধান্ত নিয়েছে আগেই।

দোকান খোলা নিয়ে বুধবার (৬ মে) নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে।

মিটিংয়ে ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কয়েকটি কারণে দোকান খোলার সিদ্ধান্ত নেয়নি সমিতি।

এর মধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম।

তবে খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখছে সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি বাড়তে থাকে তবে দোকান মোটেই খোলা হবে না। একইভাবে নিউমার্কেটের আশপাশের মার্কেটও পর্যবেক্ষণ করবে তারা। এজন্য ৯ মে রাত পর্যন্ত অপেক্ষা করবে। এসব বিষয় সমাধান না হলে নিউমার্কেট বন্ধই থাকবে।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রামণ বাড়তে থাকলে দোকান খুলে কি করবো।

‘আমার একজন দোকানি যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে। তারপরও সংক্রামণ যদি কমতে থাকে এবং নিউমার্কেটের আশপাশের দোকান খুলে দেয় তখন ভেবে দেখা যাবে।’

এএস