বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন আজ (মঙ্গলবার)। এ উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দেশের সর্বস্তরের জনগণ।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৭টা থেকে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন ছেড়ে গেলে শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানাতে থাকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের।

এমআর/ এআর