দেশে করোনাভাইরাসে শুক্রবার (১০ এপ্রিল) থেকে শনিবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৫৮ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩ জন।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪৮২। আর প্রাণহানি হলো ৩০ জনের। গত ২৪ ঘন্টায় মোট ৯৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোতে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপনে যুক্ত হয়ে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ সম্মেলন
ব্রিফিংয়ে আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৮, ৫৫ ও ৭৪। তাদের দুইজন ঢাকার বাইরের, একজন ঢাকার।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকার (১৪ জন), দ্বিতীয় নারায়ণগঞ্জের (৮ জন)। বাকিরা ঢাকার বাইরের। তাদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী।
সেব্রিনা ফ্লোরা আরো জানান, এ পর্যন্ত আক্রান্ত হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশ পুরুষ ও ৩০ শতাংশ নারী।
এএস





