পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতাকৃতরা হলেন খলিলুর রহমান ও মেহেদী হাসান।

ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামে শনিবার এ দুই শিশুকে মারধর করা হয়।

জানা যায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয় (১১) কে একই এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এরা দুজনই পঞ্চম শ্রেণির ছাত্র।

একই দিন ওই দুই শিশুর একজনের মা থানায় মামলা করার পর পুলিশ একই গ্রামের খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে। রোববার তাদের জেল হাজতে পাঠানো হয়।

মামলর বাদী এক শিশুর মা সাংবাদিকদের বলেন, শনিবার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসান তাদের দোকান চুরির অভিযোগ তুলে এ দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

“এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”

ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় নির্যাতিত এক শিশুর মা বাদী হয়ে শনিবার ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রোববার এ দুজনকে পিরোজপুর আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

এএস