কুষ্টিয়ায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল হক ওরফে মিরাজ (৪৬) কে এক আওয়ামী লীগ নেতা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মিরাজুল হক কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়ন বাসিন্দা।
অপহৃত পরিবারের অভিযোগ, মিরাজকে তার ব্যবসায়ীক পার্টনার আওয়ামী লীগ নেতা মমিজ অপহরণ করেছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই উপজেলার জয়নাবাদ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তিনি কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত আবদুল গণির ছেলে।
এ ব্যাপারে মিরাজের স্ত্রী সখি খাতুন শুক্রবার দুপুরে কুমারখালী থানায একটি সাধারণ ডায়েরী (জিডি) ও কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পে অভিযোগ করেছেন। ডয়েরী নং-১৫৭ তাং ০৫/০৬/১৫।
এব্যাপারে মিরাজের স্ত্রী সখি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় ইটভাটা থেকে বাড়ি ফেরার পথে সর্বশেষ মোবাইলে কথা হওয়ার পর থেকে মিরাজুলের সাথে আর কোন যোগাযোগ হয়নি।
এখন পর্যন্ত মোবাইল বন্ধ। দুই দিন অতিক্রান্ত হলেও মিরাজুলের কোন খোঁজ না পেয়ে চরম উদ্বেগ-উৎকন্ঠার মাঝে দিন কাটছে পরিবারের স্বজনদের।
অপহৃত ব্যবসায়ী ও ঠিকাদার মিরাজ’র সহোদর ভাই আব্দুল মজিদ বলেন, ব্যবসায়ী ও বিএনপি নেতা মিরাজ এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ এর মধ্যে ব্যবসায়ীক লেনদেন ছিল। এর একপর্যায়ে মমিজ প্রায় অর্ধকোটি টাকা দেনা হয়ে যায় বিএনপি নেতা মিরাজুলের কাছে।
দীর্ঘদিন ধরে তাগাদা দিয়ে টাকা না পেয়ে অবশেষে বিএনপি নেতা মিরাজ আওয়ামী লীগ নেতা মমিজের দেয়া চেক ডিস-অনার মামলা করেন আদালতে। সেই থেকে মামলার বাদি পাওনাদার মিরাজুলের উপর নানা ভাবে হুমকি দেয়া শুরু হয়। সেই সূত্রে অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।
অপহৃত মিরাজুলের মালিকানাধীন গড়াই ব্রীকস’র ম্যানেজার ও তার নিকটাত্মীয় পশ্চিম লাহিনী পাড়া’র শহর আলী জানান, আওয়ামী লীগ নেতা মোমিজের দেয়া ৫২ লাখ টাকার চেক ডিস্অনার হওয়ায় মিরাজ আদালতে মামলা করে। এরপর থেকে মমিজের লোকজনের হুমকিতে শহরের কোর্টপাড়াস্থ বাসা ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য পরিবার পরিজন নিয়ে নিজের এলাকায় চলে যেতে বাধ্য হয় মিরাজ।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, নিখোঁজ মিরাজুলের স্ত্রী সখি খাতুনের দেয়া জিডির সূত্র ধরে মিরাজুলের সন্ধানে ইতোমধ্যেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মিরাজুলের মোবাইল কল লিষ্ট ধরে অবস্থান সনাক্তের প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব মিরাজুলকে উদ্ধারে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক সাজেদুর রহমান বাবলু বলেন, ঘটনা যায় হোক আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে চাপড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-সম্পাদক মিরাজুলকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজ’র মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
এমকে





