বাংলাদেশের পরমাণু বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারে কারিগরি সহায়তা দেবে ভারত। দেশটি থেকে সহায়তা-সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপস্থাপিত ‘অ্যাগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অন কো-অপারেশন ইন পিসফুল ইউজেস অব নিউক্লিয়ার এনার্জি’ শীর্ষক চুক্তির খসড়া সম্পর্কে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম।
তিনি বলেন, ‘রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন ও সহায়তা করছে রাশিয়া। যদিও এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সার্বিক দায়িত্ব রাশিয়ার। তার পরও বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের বিশাল অভিজ্ঞতা রয়েছে। কারিগরি ও জ্ঞানগত দিক থেকে ভারতের অভিজ্ঞতা অনেক বেশি। এ জন্য ভারতের কাছ থেকে আমরা জ্ঞান ও কারিগরি সহায়তা নেব।’
তবে ভারত থেকে এ ধরনের সহায়তা নেওয়া হলেও এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ভারতের কোনো প্রভাব বিস্তার হবে না বলে আশ্বস্ত করেন সচিব।
কৃষিপ্রযুক্তি এবং পরমাণু চিকিৎসার ক্ষেত্রেও ভারত বাংলাদেশকে সহায়তা দেবে বলে খসড়া চুক্তিতে উল্লেখ করা হয়।
এআই





