কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ বাজারে এরশাদুল হক (৫৫) নামে এক নৈশ প্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি করে ক্যাশসহ প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সিসি ক্যামেরা ভেঙে তা নিয়ে যায় ডাকাতরা। রোববার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারী ও রমনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল জানান, পরিকল্পিতভাবে এই বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরী এরশাদুল হককে বাজারের মকবুলের চায়ের দোকানের সামনে একটি বাঁশের মধ্যে দু’হাত-পা বেঁধে মুখে গামছা গুজে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এরশাদুল প্রায় ১০ বছর ধরে এই বাজারে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্বৃত্তরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে ভেতরের মালামাল ও ক্যাশ লুট করে।
পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে ফারুক মিয়ার দোকান থেকে এক পাটি জুতা জব্দ করেছে বলে তিনি জানান।
সবচেয়ে বড় ক্ষতির শিকার ব্যবসায়ী নজির হোসেন জানান, তার মালামালের দোকানের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা ও ৩-৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ সময় তারা সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে ৯ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, তদন্ত কার্যক্রম চলছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





