রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের জেরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ওপর ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ এ আদেশ জারি করেন। আজ টুর্নামেন্ট মাঠ ও এর আশপাশের এলাকায় সব ধরনের খেলার আয়োজন এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর পৃষ্ঠপোষকতায় তার সমর্থকরা রেলবাজার পদ্মারচরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। রোববার বিকাল ৩টায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র মনিরুল ইসলাম বাবুকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বিশেষ অতিথি করে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়।

অন্যদিকে এমপি ফারুক চৌধুরীর সমর্থনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামানের সমর্থকরা রেলবাজারে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে একই মাঠে শেখ রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়ে চিঠি বিতরণ ও শুক্রবার বিকালে মাঠ দখলে নেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার মাদারপুর রেলবাজার পদ্মারচরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন হওয়ার কথা ছিল রোববার। কিন্তু এ টুর্নামেন্টে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে অতিথি না করায় এমপি পক্ষের লোকজন একই স্থানে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ঘোষণা দেন।

গত শুক্রবার এমপি পক্ষের হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান মাঠ দখল নিয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিহতের ঘোষণা দেন। এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনার পর রেলবাজার পদ্মারচরের ক্রিকেট মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপক্ষকে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করতে বলা হয়। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা অনুষ্ঠান সূচি বাতিল না করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ১৪৪ ধারা কার্যকর করবে।

গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য রেলবাজার-মাদারপুরসংলগ্ন পদ্মারচরে নদীর পাড় গত এক মাস ধরে সংস্কার করা হয়। গত এক সপ্তাহ আগে সেখানে এ টুর্নামেন্টের আয়োজন করে চিঠি বিলি করা হয়।

কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেয়ায় স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা পাল্টাপাল্টি খেলার আয়োজন করার ঘোষণা দিয়ে পরিস্থিতিকে উত্তেজিত করে তুলেছে। তবে এখন না হলেও পরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে বলে নিশ্চিত করেন তিনি।