আজ থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে ঠাকুরগাঁওয়ে এমপিকে বহনকারী গাড়িতে জ্বালানি (ডিজেল) দেয়নি পাম্প শ্রমিকরা।
আজ (০১ ডিসেম্বর) রোববার সকাল ১০টার দিকে শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে এই ঘটনা ঘটে।
সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাকে বহনকারী গাড়ি দুটি শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানি নেয়ার জন্য গেলে সেখানে কর্মরত শ্রমিকরা জ্বালানি সরবরাহ না করেই গাড়ি দুটি ফিরিয়ে দেয়। এসময় গাড়িতেই বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র সেন।
পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সব ধরণের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানি না।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, আমরা ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবারের ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টি কালের ধর্মঘট কর্মসূচি চলবে।
এমবি





