২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার কয়েক মাস আগে নিজের নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ তৎকালীন বিএনপি সরকার প্রত্যাহার করে নিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১২ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ আমার নিরাপত্তার জন্য এসএসএফ দিয়েছিলেন। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ৩-৪ মাস আগে বিএনপি সরকার তা প্রত্যাহার করে নেয়। এরপরই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেখানে আমাদের ২২ জন নেতাকর্মী নিহত হন এবং ১ হাজার নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, এর আগেও বহুবার আমার ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছে। তারপরও এদেশটাকে উন্নত দেশ হিসেবে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো হত্যা-সন্ত্রাসের রাজনীতি। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের নির্যাতনে আমাদের নেতাকর্মীরা বাসা-বাড়িতে থাকতে পারেনি। বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া ও টঙ্গিতে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে।
তিনি বলেন, ১৯৭৫ সালে আমরা দুই বোন বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলাম। জাতির পিতাসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। এরপর ৬ বছর আমাদেরকে দেশে আসতে দেয়নি।
প্রধানমন্ত্রী বলেন, আমি আমার জীবনের চেয়ে নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তা করি। আমি সব সময়ই তাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
এমএনজে





