ফেনীর ফুলগাজীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল (০৪ ডিসেম্বর) বুধবার রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা মানিক (১৯) ধর্মপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে ধর্মপুর গ্রামের বাড়ি থেকে কয়েকজন যুবক মানিককে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায়। পরে খবর পেয়ে মানিককে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মানিকের কোনো রাজনৈতিক পরিচয়ও পাওয়া যায়নি।
এমবি





