রাজশাহী-নওগাঁ মহাসড়কে এক পথচারীকে মোটরসাইকেলের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় চালক ও পথচারী উভয়েরই নিহত হয়েছেন।
আজ (১৫ ডিসেম্বর) রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের তেঁতুলতলায় থাকা জমুনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার নাজমুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সিফাত হোসেন (২০) ও রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের মৃত বরকত আলীর ছেলে পথচারী খায়ের আলী (৫০)।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল চালক। আহত হন পথচারীও। পরে মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পরপরই তাদের দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমবি





