ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে র‌্যাব। রোববার সকালে শহরের বিসিক মাঠে সড়কের ওপর এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য সাত কোটি টাকা।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, ২০০৯ ও ২০১০ সালে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধারকৃত মাদকদ্রব্য রোলার দিয়ে পিস্ট করে ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে প্রায় তিন হাজার বোতল ভারতীয় ফেনসিডিল, সাড়ে পাঁচ কেজি হেরোইন, ৩৬ লিটার বাংলা মদ, সাড়ে ১০ কেজি গাজা, দেড় কেজি আফিম ও দুই লিটার ক্লোরোফম। এ সব মাদকের আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা।

মাদক দ্রব্য ধ্বংসের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসন, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও র‌্যাব-৬ এর সহকারী কমান্ডার গোলাম রাব্বানীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই