বিএনপি আন্দোলনে ও সিটি নির্বাচনে জিততে ব্যর্থ হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ ইস্যুতে সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য দলটি প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেন  তিনি।

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাসির উদ্দিন রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়। আমি একটি কথা বলতে চাই, আমরা এমন কোনো কাজ করিনি যে, কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমাদের মাথা নত করতে হবে। কাজেই কোনো চালবাজি করে লাভ নেই।

আ জ ম নাসির উদ্দিনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কোনো ভুল বা অপরাধ করেনি যার জন্য কোনো কূটনৈতিক চাপের কাছে মাথা নত করতে হবে।’

আ জ ম নাসির উদ্দিন তার স্ত্রী, দুই সন্তান এবং চট্টগ্রাম আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাতে গণভবনে আসেন।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতা, সাংসদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় নাসিরকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নাসির জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নগরীর জনগণের জন্য কাজ করবেন।

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীলতা বৃদ্ধি করেছে।

তিনি বলেন, রাজধানী ঢাকার পর দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বন্দর নগরীর উন্নয়নে এবং নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানের লক্ষ্যে সব ধরনের সহায়তা প্রদানের বিষয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আশ্বাস দেন।

কেবি