[b]ঢাকা:[/b] বাংলাদেশে ২০১৩ সালে মানবাধিকার পরিস্থিতি শোচনীয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৪’তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে কঠোর সমালোচনা করে এ মন্তব্য করা হয়।
এদেশে যারাই সরকারের কাজের সমালোচনা করছে তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ গঠন করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সরকার কঠোর দমননীতির পথ বেছে নিয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
রিপোর্টে বলা হয়, অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক এবং বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা এবং হেফাজতে ইসলামের সমর্থকেরা এই পদক্ষেপের শিকার হয়েছে।
৬৬৭ পৃষ্ঠার এই রিপোর্টে ‘অধিকার’ নামক মানবাধিকার সংস্থার সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তার প্রসঙ্গ, নাস্তিক আখ্যা দিয়ে ব্লগারদের গ্রেপ্তার এবং একজন পত্রিকা সম্পাদককে গ্রেপ্তারের কথা তুলে ধরা হয়।
এইচআরডব্লিউ এর এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশের এই সরকার সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। উল্টো বিরোধী এবং সরকারের সমালোচনাকারীদের দমন করার জন্য চরমপন্থা অবলম্বন করেছে।’
যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফেব্রুয়ারিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল শান্তিপূর্ণ। বাংলাদেশজুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। কিন্তু ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পর পরিস্থিতি হিংসার দিকে মোড় নেয়।