[b]ঢাকা: [/b]চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রাকে অর্থনীতিবিদরা উচ্চাভিলাষী বলেছিলেন। তাদের আশংকা ছিল, রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে ভোগাবে। ফলে পূর্বের অর্থবছরের আদায়ের উপর প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হবে না। ইতিমধ্যে অর্থবছরের মাসের রাজস্ব আদায় পরিস্থিতি বিশ্লেষণে তা টের পাওয়া যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে দেখা গেছে, অর্থবছরের প্রথমার্ধে (জুলাই থেকে ডিসেম্বর) লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত সাড়ে ৮ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।
সোমবার এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন জানান, অতীতে রাজস্ব আদায়ে রাজনৈতিক অস্থিরতা এতোটা নেতিবাচক প্রভাব ফেলেনি। কেবল গত ডিসেম্বরেই রাজস্ব আদায়ে ঘাটতি সাড়ে তিন হাজার কোটি টাকা। ব্যবসায়ীদের বলতে পারছি না যে, রাজস্ব দেন। গত বছরের তুলনায় আয়কর রিটার্নও অন্তত এক লাখ কম দাখিল হয়েছে।
এদিকে রাজস্বের লক্ষ্যমাত্রা কমে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা হচ্ছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
বৈঠকে অর্থমন্ত্রী চলতি মাসের শেষদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করা হবে বলে জানান। তিনি আরো বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রায় ২১ শতাংশ উচ্চাভিলাষী ছিল না। কিন্তু গত বছর আদায় কম হওয়ায় লক্ষ্যমাত্রা বেড়ে গিয়েছে। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এনবিআরের প্রাথমিক হিসাবে দেখা গেছে, ডিসেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় আমদানি শুল্ক ৯০৩ কোটি, আয়কর ১ হাজার ১২ কোটি ও ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রায় দেড় হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। গত ছয় মাসে মোট ৪৮ হাজার ৯৪৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]