[b]সাভার:[/b] শিক্ষকদের টানা আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর এ তথ্য নিশ্চিত করেন।
ওই সহকারী প্রক্টর জানান, অধ্যাপক আনোয়ার হোসেন রোববার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরারর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে সোমবার তা গৃহীত হবে।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ঐক্য ফোরাম।
গত ৫ ডিসেম্বর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। পরবর্তীতে তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে আন্দোলনরত ঐক্য ফোরাম।
২০১২  সালে ১৭ মে  শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  পদত্যাগ করেন অধ্যাপক শরীফ এনামুল কবির। সে সময়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগরের ভিসি হিসেবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
এদিকে, আন্দোলনকারী শিক্ষকদের উচ্ছৃঙ্খল বলে আখ্যায়িত করেছেন ভিসি আনোয়ার। তিনি শিগগিরই রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে এসব শিক্ষকদের সম্পর্কে জানাবেন বলেও ঘোষণা দিয়েছেন।