বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যেসব গার্মেন্টস কারখানার বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ রয়েছে, সেগুলোর ওপর সরকারের নজরদারি রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্র্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পোশাক খাত থেকে বর্তমানে ৩০.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে এই আয় ছিল মাত্র ১৪ বিলিয়ন ডলার।
বাণিজ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের মতো বড় দেশের সঙ্গে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশেকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশ এই দুই দেশেরই ওপরে অবস্থান করছে।
তিনি বলেন, এরইমধ্যে পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের বাজারে জিএসপি সুবিধা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত এসব দেশ সবসময়ই চায় এই সেক্টরে বাংলাদেশকে পেছনে ফেলতে। তাই নানা ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করেই এই খাতকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে যেসব শর্তপূরণ এখনো বাকি রয়েছে তা অবিলম্বে পূরণ করে শিগগিরই এই সুবিধা ফেরত পাওয়া সম্ভব হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি  [/b]