হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ লাখ টাকার (১ কেজি ৬০০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বিমান বন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাত ১০টা থেকে ১টার মধ্যে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম, নাহিদ আল মামুন, আলাউদ্দিন ব্যাপারী, লিটন, জসিমুদ্দীন, জসীম উদ্দিন, অলি উল্লাহ ও সাজেদ আলী।
বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, ক্যানোপি-১ এলাকায় তাদের শরীর তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে লিটন সিঙ্গাপুর এয়ারলাইন্সের এবং বাকি ৭ জন টাইগার এয়ারলাইন্সের যাত্রী ছিলেন।
তিনি আরো জানান, আটককৃতদের বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]