ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই কেন্দ্রীয় শহীদ মিনারের অবমাননা করা হয়েছে।
ভাষা আন্দোলনে আত্মহুতি দানকারী শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে উঠে শহীদ মিনারের পবিত্রতাকে কলুষিত করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিজোট ও ঐক্যবদ্ধ নারী সমাজের নারী নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে “ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী নূরজাহানের ছাত্রদল কর্মী কর্তৃক রগ ও অঙ্গ কর্তন এবং জামায়াত-শিবির কর্মী কর্তৃক হিন্দু নারী ধর্ষণের মত অনাচার নারী সমাজ মেনে নিবে না” শীর্ষক সমাবেশের আয়োজন করে ঐক্যবদ্ধ নারী সমাজ এবং এতে একাত্মতা ঘোষনা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট।
সমাবেশ স্থলে আয়োজক সংগঠনের নেতা-কর্মী ও অনুষ্ঠানের অতিথিরা  জুতা পায়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে তাদের কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য,শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠার বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।
সাবেক এমপি ও নারী নেত্রী তারানা হালিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও অগ্রনী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার,ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
শহীদ মিনারে আগত দর্শনার্থীদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রেব্রুয়ারির প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের নেতারা কী করে শহীদদের স্মৃতিবাহী কেন্দ্রীয় শহীদ মিনারকে পায়ের জুতা দিয়ে পদদলিত করছে। এটা জাতির জন্য লজ্জাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন,যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং নারীরপ্রতি সহিংতার বিরুদ্ধে কথা বলে তারা কীভাবে শহীদের অবমাননা করে। এটা কাম্য নয়।
ঢাকা,এমআর, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই