চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকার গ্রাহকরা তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নগরীর আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে।
ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল)-এর গ্যাসের চাহিদা মেটাতে গ্যাসহীন হয়ে পড়েছে চট্টগ্রামের অধিকাংশ এলাকা। বন্ধ রয়েছে বেশ কয়েকটি সিএনজি স্টেশন।
জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ না বাড়লে শিগগির এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনাও দেখছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ,ছোটপুল,বাকলিয়া,দেওয়ানবাজার, চকবাজার,আন্দরকিল্লা, জিইসি মোড়,ষোলশহর ২ নম্বর গেট,রাহাত্তারপুল, বহদ্দারহাট,চান্দগাঁও,বায়েজিদ বোস্তামী,অক্সিজেন ও হাটহাজারী এলাকায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছে না গ্রাহকরা।
গ্যাসের সংযোগ কখন বন্ধ হচ্ছে কখন চালু হচ্ছে,এই নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে প্রতিদিন।
কর্ণফুলী গ্যাস সরবরাহ বিভাগের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী ফিরোজ আলম জানান,সিইউএফল ও কাফকো সার কারখানা চালু থাকায় নগরীতে আবাসিক পর্যায়ের গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এখন জাতীয় গ্রিড থেকে কিছু সরবরাহ বাড়িয়ে রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী সাত থেকে আট দিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি হবে।
[b]ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]