যশোরের মণিরামপুরে আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুই নারী শ্রমিককে পাশবিক নির্যাতন করেছে দুর্বৃত্তরা।
রোববার দিনগত রাত আড়াইটায় মণিরামপুর উপজেলার কাশীপুর মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন-মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান (২৮), আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও এরশাদ আলীর ছেলে রিপন হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, রোববার রাতে কাজ শেষে আকিজ জুট মিলের ওই দুই কিশোরী শ্রমিক মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিল।
রাত ১০টার দিকে বাসটি নারী শ্রমিকদের নিয়ে যাত্রা করে বিভিন্ন এলাকায় তাদের পৌঁছে দিয়ে মণিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় পৌঁছায়। নিজেদের এলাকায় না আসায় তখনো ওই দুই কিশোরী বাসেই ছিল। এ সময় ১০/১২ জন দুর্বৃত্ত রাস্তা অবরোধ করে বাসটি আটকে দেয়। পরে তারা ওই বাসে উঠে মেয়ে দু’টিকে নামিয়ে পাশের বাগানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে।
এদিকে, বাসচালক পালিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে মেয়ে দু’টিকে উদ্ধার করে ও ওই তিন জনকে আটক করে।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]যশোর, ৩১ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ // জেআই
[/b]