প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার টোকিও পৌঁছালে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা একটায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) অবতরণ করে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সফরের পুরো সময় টোকিওর মিনাটোয় অবস্থিত এ প্রাসাদের রাষ্ট্রীয় অতিথিশালা মটোআকাসাকায় অবস্থান করবেন। শেখ হাসিনাকে আকাসাকা প্রাসাদে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান শিজেউকি হিরোকি।
হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাসাকা প্রাসাদে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের উভয়পাশে দুই দেশের জাতীয় পতাকা, ফেস্টুন ও ক্ষুদ্র পতাকা দিয়ে সাজিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত এবং ঢাকা-টোকিওর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে শুভ কামনা জানানো হয়।
গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারি সফর। টোকিও যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা যাত্রাবিরতি করেন। সূত্র: বাসস
ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি