দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে ওই দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ, জাতিসঙ্ঘ অনুবিভাগের মহাপরিচালক সাইদা মুনা তাসনিম ও আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান ও পরিচালক এটিএম রাকিবুল হক।
বাংলাদেশের প্রতিনিধি দল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা।
তিনি জানান, পররাষ্ট্রসচিব শহিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবে।
সফরকালে তারা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে তৃণমূলে পর্যায় থেকে সন্ত্রাসবাদ দমনে গঠিত তহবিলের বিষয়ে ২০ ফেব্রুযারি এক বৈঠকে যোগদান করবেন তারা। 
মার্কিন পররাষ্ট্র ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক ফন্ডার্ড সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের শ্রমিক অধিকার ও শ্রমিকদের বর্তমান পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল দেশটি সফর উপলক্ষে ঢাকা ত্যাগ করেছে রোববার রাতে।
[b]ঢাকা,১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]