৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩৪ পরীক্ষার্থীর প্রয়োজনীয় কাগজ এখনো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হাতে এসে পৌঁছেনি। এজন্য ওই শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ।
মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১৩ মার্চের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ২৩৪ পরীক্ষার্থীকে। নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
৩৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। আগামী ২৪ মার্চ লিখিত পরীক্ষায় মোট ৪৬ হাজার ৫৩০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।
ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম,খুলনা,বরিশাল,সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে প্রতিদিন দুটি বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]