বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসেও সরকার আগের মতই বিরোধী দল নিধন কর্মসূচি অব্যাহত রেখেছে।
শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শনিবার সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ সমাবেশে পুলিশ ও সরকারের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিয়ে তার বীভৎস স্বৈরাচারী রূপ প্রকাশ করছে।
সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ সবধরনের হত্যাকাণ্ডের জবাব দিতে হবে। এসব হত্যাকাণ্ডের ঐতিহাসিক প্রতিশোধ নিতে জনগন প্রস্তুত হচ্ছে। যারা অস্ত্রের অপব্যবহার করছে একদিন তাদের দিকেই অস্ত্র ঘুরে যাবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের প্রতিবাদ সমাবেশের জন্য এখানো অনুমতি পাওয়া যায় নি বলেও জানান রিজভী আহমেদ। তিনি বলেন, ‘চিঠি দেয়া হয়েছে। আমরা অনুমতির জন্য অপেক্ষা করছি। আশা করছি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান ও আসাদুল করিম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)