রাজধানীতে ৫৩ হাজার একশ’টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ইমাম নামে দুইব্যক্তিকে আটক করে কদমতলী থানা পুলিশ।
শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর ১৭৫/এ পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
কদমতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, টহলরত পুলিশ দেখে ওই দুইব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
ওসির দাবি, সম্প্রতি আদালত জাতীয় পরিচয়পত্র ছাড়া মোবাইল ফোনের সিমকার্ড নিবন্ধন নিষিদ্ধ করেছে। সন্ত্রাসীরা ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে সিমকার্ড কিনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, ভিওআইপি ব্যবসায়ীদেরও ভুয়া জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, উদ্ধার করা ভুয়া জাতীয় পরিচয়পত্রগুলো ওই দুই ব্যক্তি বিভিন্ন সিমকার্ড বিক্রির দোকানে সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]





