বিশ্ব ব্যাংক অনুমোদিত চায়না মেজর ব্রিজ কম্পানিকে ক্রয় কমিটির মাধ্যমে আগামী ৩ সপ্তাহের মধ্যে কার্যাদেশ দেয়া হবে। খুব শিগগিরই এ কোম্পানি পদ্মা সেতুর মূল কাজ শুরু করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্ত দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সকল প্রতিষ্ঠান পদ্মা সেতুর কাজের জন্য আর্থিক প্রস্তাব দিতে চায় তারা আগামী জুনের মধ্যে আর্থিক প্রস্তাব দিতে পারবে।
যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মা সেতু ছাড়াও আগামী জুলাইয়ের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ডিসেম্বরে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রো রেলওয়ের কাজ শুরু হবে। এটি উত্তরা ২ নম্বর সেক্টর থেকে শুরু হবে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুব মাহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলসহ সংগঠনের মহানগর নেতারা।
[b]ঢাকা, এমআর, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // এআর[/b]