বরগুনায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শুক্রবার রাতে তালতলী থানা পুলিশ শ্বশুর-শাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নিহতের শ্বশুর আবদুল মজিদ ফকির,শাশুড়ী হালিমা বেগম,চাচাত দেবর জলিল ফকির ও খলিল ফকির।
তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের রফেজ উদ্দিন হাওলাদার জানান,তার মেয়ে হনুফা বেগমের সাথে দেড় বছর আগে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের মজিদ ফকিরের ছেলে আলামিনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে মাদকসেবী ট্রাক চালক আলামিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১ মাস আগে হনুফা তার বাবার বাড়ি চলে যায়।
গত ১৫ দিন আগে আলামিন নির্যাতন না করার শর্তে হনুফাকে বাড়ি নিয়ে আসে। গত রোববার (১৩ এপ্রিল) হনুফাকে পুনরায় নির্যাতন করে অজ্ঞান অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। মুমূর্ষু অবস্থায় বরগুনা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে বরিশালে নিয়ে যাবার পরামর্শ দেন। অজ্ঞান অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আর জ্ঞান ফেরেনি।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হনুফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর আগে জ্ঞান না ফেরায় সে কোন কথা বলে যেতে পারেনি।
শুক্রবার হনুফার লাশ তার বাবার বাড়িতে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করে দাফনের চেষ্টা করা হয়।
তালতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান,শুক্রবার রাতে তারা কবিরাজপাড়া হনুফার বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার ও তার শ্বশুর-শাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।
তিনি আরও জানান,নিহতের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা রফেজ উদ্দিন হাওলাদার বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
যৌতুকের জন্য হত্যা, গ্রেফতার ৪
বরগুনায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শুক্রবার রাতে তালতলী থানা পুলিশ শ্বশুর-শাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে





