দশম সংসদ গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে। তাই সেই অভিযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার দলীয় সাংসদ ও জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।
শিরিন শারমিন বলেন, দশম জাতীয় সংসদ বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। যার লক্ষ্য হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও সুশাসন নিশ্চিত।  তাই এ বিষয়গুলো নিয়ে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সংসদে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মত প্রকাশ যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।
বেলা ১১ টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন। এ সময় শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। এরকিছু সময় পর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ ডাঃ এনামুর রহমান এনাম, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সরওয়ার্দী প্রমুখ।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এফএ[/b]