[b]চট্টগ্রাম:[/b] স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিগগিরই খালেদা জিয়ার নেতৃত্বে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
রোববার দুপুরে নগরীর বিপ্লব উদ্দ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্দ্যোগে আয়োজিত স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নোমান বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে কোনো স্বৈরাচার এর সাথে আপোষ করে নাই,বর্তমানেও করবে না। অতীতের মত রাজপথে গনতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা হবে।
বিএনপি গন মানুষের দল উল্লেখ্য করে নোমান আরো বলেন,জনগন বিএনপির সাথে আছে। দমন পীড়ন যত বাড়বে বিএনপি তত বেশি শক্তিশালী হবে।
তিনি বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। শহীদ জিয়া আওয়ামী লীগের একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিবর রহমানের যেসব ক্ষেত্রে ব্যর্থতা ছিল, সেসব ক্ষেত্রে শহীদ জিয়ার সবচেয়ে বেশি সফলতা ছিল।
মহানগর বিএনপি'র সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা রোজী কবির,বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, কাজী আকবর প্রমূখ।