প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অচিরেই আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে। শনিবার বেলা ১১টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীর কাজে গতি আনার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। দ্রুত এর বাস্তবায়ন করা হবে।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে পুলিশ একাডেমি মাঠে পৌঁছান। এরপর সকাল সাড়ে ১০টায় ৩১তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক প্রদান করেন।
প্রধানমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী তিনজন সহকারী পুলিশ সুপারকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করেন। প্রশিক্ষণে মোট ১৭৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সদস্য অংশ নেন। এর মধ্যে ৩১তম বিসিএস ব্যাচের ১৭৪ জন ও ৩০তম ব্যাচের দুজন রয়েছেন।
সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের করের টাকায় এ দেশের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা হয়। তাই জনগণের প্রতি তাদের সুন্দর আচরণ ও সুশীল মনোভাব প্রকাশ করতে হবে।
দেশে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেসব পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী পুলিশ একাডেমির অফিসার্স মেস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রী বিকেল সোয়া চারটায় সরদহ পাইলট উচ্চবিদ্যালয় থেকে একযোগে বাগমারা উপজেলার আশ্রয়ণ প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি বর্ধিতকরণ প্রকল্প, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চবিদ্যালয়, দুর্গাপুর পাইলট উচ্চবিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে চারটায় সরদহ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
শ্রেণীহীন
অচিরেই আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অচিরেই আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে। শনিবার বেলা ১১টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।





