লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবলু গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।
ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে।
এর জের ধরে আজ সকাল ৭টা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ বাবলুর সমর্থকরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমিজ উদ্দিনের ভাই শাকিলের মালিকাধীন নুপুর ষ্টোরে হামলা চালায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবলু ও তার সমর্থকরা। এর জের ধরে রাত ২টায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুর দেওপাড়া গ্রামের নিজ বাড়িতে পাল্টা হামলা চালায় রমিজ উদ্দিন ও তার সমর্থকরা। এসময় বাবলুসহ আরও ৫ জন আহত হয়।
গুলিবিদ্ধ বাবলুকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ভর্তির পর নোয়াখালী জেনারেল হাসাপতালে প্রেরন করা হয়। আহত ছাত্রলীগ নেতা রাহান ,আরজু, শিমুল, বেলাল হোসেন ও রিয়াজকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনাকে কেন্দ্র করে বাবলুর সমর্থকরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারে গাছ ফেলে সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক করে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রকিব উল হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]