[b]ঢাকা:[/b] সাবেক প্রধান বিচারপতি ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
[b]জীবনী:[/b] তত্তাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ১৯২৮ সালের ৩ ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদ জেলার জংগীপুর মহকুমার দয়ারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভি জহিরউদ্দিন বিশ্বাস ছিলেন আইনজীবী ও সক্রিয় রাজনৈতিক কর্মী। ভারত বিভাগের পর ১৯৪৮ সালে মুর্শিদাবাদ ছেড়ে জহিরউদ্দিন বিশ্বাস রাজশাহীতে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হাবিবুর রহমানের মা গুল হাবিবা ছিলেন গৃহিণী।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ১৯৪৯ সালে বিএ সম্মান ও ১৯৫১ সালে এমএ পাস করেন। পরবর্তী সময়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে ১৯৫৮ সালে বিএ (সম্মান) স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি কর্মজীবন শুরু করেন ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে তিনি ইতিহাসের রিডার ও আইন বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে তিনি আইন ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন এবং ঢাকা হাইকোর্ট বারে যোগ দেন। তিনি সহকারী অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য ছিলেন।
১৯৭৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। ১৯৮৫ সালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নিয়োগ লাভ করেন। তিনি ১৯৯৫ সাল পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-৯১ মেয়াদে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলে হাবিবুর রহমান ভারপ্রাপ্ত বিচাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
১৯৯৫ সালে বিচারপতি হাবিবুর রহমান বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সরকারের অধীনেই সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিচারপতি হাবিবুর রহমান একাধারে লেখক, গবেষক, শিক্ষাবিদ, আইনজীবী, অভিধানপ্রণেতা। ১৯৪৯-৫২ এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।
শ্রেণীহীন
সাবেক বিচারপতি হাবিবুর রহমানের ইন্তেকাল
ঢাকা: সাবেক প্রধান বিচারপতি ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।





