[b]ঢাকা:[/b] নবনির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী পুনরায় দায়িত্ব দিতে চাইলে মন্ত্রিত্ব নিতে অস্বীকৃতি জানাবেন না বলে জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আগে একাধিকবার মন্ত্রিত্ব নেবেন না বললেও এবার সুর বদলালেন মহাজোট সরকারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,আমি বলেছিলাম সংসদ সদস্য হতে চাই। তবে মন্ত্রী হতে চাই না। কারণ,আমার বয়স মন্ত্রিত্বের কাজের চাপ নেওয়ার মতো নয়। এখানে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হয়।
পুনরায় মন্ত্রিত্বের প্রস্তাব পেলে সেটা গ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী যদি কাউকে দায়িত্ব দেন,তাহলে কেউ ‘না’ বলতে পারে না। আমিও সে ক্ষেত্রে ব্যতিক্রম নই।