সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পুলিশের প্রিজনভ্যান উল্টে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
নিহত পুলিশ সদস্যের নাম মনির হোসেন। তবে নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজিরার জন্য গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি নিয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে আসছিলেন মনিরসহ কয়েকজন পুলিশ সদস্য।
সকাল সোয়া ৯টার দিকে ভ্যানটি মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মনিসহ আরও একজন মারা যান। এসময় আহত হন আরো অন্তত পাঁচ পুলিশ সদস্য।
[b]ঢাকা, ৬ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]