সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রেল বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে উল্লাপাড়া রেল ষ্টেশনের ষ্টেশনমাষ্টার খান মনিরুজ্জামান ও একতা এক্সপ্রেস ট্রেনের চালক বক্রিম চন্দ্র রায়, সহকারী চালক আব্দুস শাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে রেল সচিব আবুল কালাম আজাদ ও রেলের মহা-পরিচালক তোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে এসে এ আদেশ দেন। একই সময়ে রেল বিভাগের অতিরিক্ত মহা-পরিচালক আমজাদ হোসেনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত মহা-পরিচালক শাহ জহুরুল ইসলাম, খলিলুর রহমান ও পশ্চিমাঞ্চল রেলের জিএম আব্দুল আউয়াল ভূইয়া। আগামী ৪ কর্মদিবসের মধ্যে কমিটিকে রেল মন্ত্রনালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি পশ্চিমাঞ্চল রেলের জিএম আব্দুল আউয়াল ভূইয়ার নির্দেশে একই বিভাগের সুপারেন্টডেন্ট মিয়া জাহানকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং  পশ্চিমাঞ্চল রেলবিভাগে (পাকশী) ডিভিশনাল ট্রাফিক অথারিটি শফিকুর রহমানকে ৫ সদস্যের আরেকটি কমিটি গঠিত হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘন্টা মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও জেলা প্রশাসনের তরফ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক কে,এম আলী আজমকে প্রধান করে গঠিত কমিটি জেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
এদিকে, বিকল্প পথে দুপুর ১২টার দিকে সৈয়দপুর থেকে ঢাকাগামী নীল সাগর ট্রেন ষ্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত রিলিপ ট্রেন উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, রোববার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]