পদ্মা সেতু নির্মাণে ব্যয় খুব একটা হেরফের হবে না জানিয়ে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল সেহির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, ২০ ফেব্রুয়ারি ৭ হাজার কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কারিগরি প্রস্তাব পাবো। পাঁচটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে, আশা করছি তারা সবাই করিগরি প্রস্তাব দেবে। কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে কার্যাদেশ দেবে। আশা করছি নদী শাসন ও মূল সেতু নির্মাণ কাজ এক সঙ্গে শুরু করতে পারবো।
মন্ত্রী আরো বলেন, সময় বাড়লে নদী শাসনের ক্ষেত্রে ব্যয় হয়তো কিছুটা বাড়তে পারে। কারণ নদীর গতিপথ কখন কোন দিকে যায় তা বলা যায় না। মূল সেতুতে ব্যয় বাড়ার কোনো কারণ নেই। তবে আমরা এখন পর্যন্ত ব্যয় বৃদ্ধির চিন্তা করিনি।
নিজস্ব অর্থায়নেই সব কাজ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নেই আমরা করছি। এটা কোনো নতুন বিষয় নয়।
তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের ডিজাইন, বিশ্বব্যাংকের পরিকল্পনা, বিশ্বব্যাংকের নকশা অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। মূল সেতু ও নদী শাসনের দরদাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের প্রাক-যোগ্যতা অর্জন করা। বাংলাদেশ নতুন করে কিছু করেনি।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি করেছিলো বিশ্বব্যাংক। তবে প্রকল্পের পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ ওঠায় সেই অর্থ আটকে যায়। ওই অভিযোগের তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পোর নেতৃত্বাধীন তিন সদস্যের পর্যবেক্ষক দল দুই দফা বাংলাদেশ সফর করে। পর্যবেক্ষক দলের প্রতিবেদন হাতে পাওয়ার আগেই চলতি বছর জানুয়ারিতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ নেবে না বলে জানিয়ে দেয় সরকার।
রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) প্রকল্পগুলো রাষ্ট্রদূত চেয়েছেন। তাকে প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা কোনগুলোতে অংশ নেবেন।
ঢাকা,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ