[b]ভারত:[/b] নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। বিতর্কিত নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটল।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দেবযানীর সমপর্যায়ের এক কূটনীতিককে নয়াদিল্লি দূতাবাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।এই সিদ্ধান্তের কারণে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে বেশ তিক্ততার সৃষ্টি হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক ও রাজনীতি বিশ্লেষকরা।এর আগে, কূটনৈতিক অধিকার বলে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন বলে দেশটির ফেডারেল গ্র্যান্ড জুরি জানানোর পর ভারতের উদ্দেশে রওয়ানা হন দেবযানী।
উল্লেখ্য,গৃহপরিচারিকার ভিসার আবেদনে তথ্য জালিয়াতি এবং তাকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে দেবযানীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়।