দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
একইসাথে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, কুতুবদিয়া, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর ও বরিশাল অঞ্চলসহ ও খুলনা বিভাগের বাকি অংশের উপর দিয়ে যে মাঝারি থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তাও অব্যাহত থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]