পাবনার আটঘরিয়ার পল্লীতে জমির মাটি কাটা ও সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে  এক শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নেতার নাম রিপন হোসেন (৩২) নামে বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের গণি সরদারের ছেলে।
নিহত রিপন জেলা শ্রমিকদলের সদস্য ও সদর উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন বলে জানান জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
আটঘরিয়া থানার ওসি শেখ লেনিন আলমগীর জানান, জমির মাটি কাটা ও সেচ দেওয়া নিয়ে রিপনের সাথে হায়দারপুর গ্রামের একটি গ্রুপের বিরোধ চলছিল। রিপন সকালে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে নিজের জমি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আলমগীর আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ