সুন্দরবনের জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মান না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক (আসক) এবং মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।
এছাড়া ওয়ার্ল্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অহবান জানান তিনি।
শনিবার দুপুরে মংলা বন্দরের শ্রমিক সংঘ মিলনায়তনে সুন্দরবন রক্ষায় আয়োজিত পরিবেশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, দেশের উন্নয়নে যেমন বিদ্যুৎ প্রয়োজন, তেমনই পরিবেশ রক্ষায়ও সুন্দরবনের প্রয়োজন।
বাগেরহাটের রামপালে সুন্দরবন সংলগ্ন এলাকায় ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, সরকার ইচ্ছে করলেই বন্দর, নগর ও শহর এবং শিল্প এলাকা গড়তে পারবে কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন ধ্বংস হলে তা আর কখনই তৈরি হবে না।
তাই সুন্দরবন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসকারী তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো  যেকোনো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা বন্ধ করতে হবে।
সরকারকে হুঁশিয়ারি করে সুলতানা কামাল বলেন, এ প্রকল্প বাতিল না করলে প্রয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম। এখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-বাগেরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামাল ও স্থানীয় বাপা নেতা মো. নুর আলম শেখ, একেএম সাহবুদ্দিন, মাহবুবুর রহমান মানিক, শেখ হেমায়েত হোসেন, তালুকদার আখতার ফারুক প্রমুখ।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]