[b]ঢাকা:[/b] জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে।
শুক্রবার রাজধানীতে ১৮ দলীয় জোটের নিহত নেতাকর্মীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
জামায়াত নেতা বুলবুল বলেন, জনগণ পাতানো, ষড়যন্ত্র ও ভাওতাবাজীর নির্বাচন সার্থকভাবে প্রতিহত ও বর্জন করেছে। কথিত নির্বাচনে জনগণ  ভোট দেয়নি বরং সরকারের ফরমায়েসমত আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের মাধ্যমে ডিজিটাল কারচুরির ফলাফল ঘোষণা করে আওয়ামী লীগ বিজয়ী করেছে। আর এ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সারা দেশে প্রায় অর্ধশত মানুষকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।
কিন্তু জনগণ পাতানো, ষড়যন্ত্র ও ভাঁওতাবাজীর নির্বাচন কখনোই মেনে নেয়নি এবং নেবেও না বরং গণবিরোধী ও ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে।
নুরুল ইসলাম বুলবুল সরকারকে প্রহসন ও তামাশার নির্বাচন বাতিল ও অবিলম্বে সরকারের পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় আওয়ামী লীগকে এজন্য চরম মূল্য দিতে হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন।