নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় নিহত নজরুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করলে তাদেরকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুব হক শাকিল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে শাকিল বলেন, ‘হত্যাকারীরা যে অবস্থানেরই হোক না কেন তাদের খুঁজে বের করে বিচার করা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হবে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে পুলিশ ও র্যা ব কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি সব হারিয়েছি, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না।’
গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবেন। জড়িতদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চালানো হবে। সন্ত্রাসীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে। প্রয়োজনে মাটি খুঁড়েও বের করা হবে।’
নজরুল ইসলামের শ্বশুর এ সময় সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা তার কথায় আশ্বস্ত হয়েছি।’
ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





