[b]ঢাকা:[/b] সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আর একটি চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি চিঠি পাঠানো হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,দ্রুততম সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার নিশ্চিত করতে সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সচিবকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা,নির্যাতন,হত্যা,ধর্ষণ,বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন,লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মামলাগুলোর তথ্য,এজাহার ও অভিযোগপত্রের সত্যায়িত কপি জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে,সম্প্রতি সাতক্ষীরা,দিনাজপুর,রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা,নির্যাতন,লুটপাটের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা এ সংক্রান্ত চিঠির অনুলিপি পুলিশের আইজি,সব বিভাগীয় কমিশনার,পুলিশ কমিশনার,ডিআইজি,জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইন শাখা) স্মৃতি রানী ঘরামী বলেন,২০০১ সালেও নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটে। এবারও নির্বাচনের আগে-পরে একই ঘটনা ঘটলো। এসব ঘটনা প্রতিরোধ করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রেণীহীন
সংখ্যালঘুদের নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ
ঢাকা: সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





