[b]জাবি:[/b] অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন তার ঘোষণা অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে ভিসির একান্ত সচিব সানোয়ার হোসেন রাষ্ট্রপতির দফতরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
এদিকে ভিসি পদত্যাগপত্র জমা দেয়ার পর বিকালে তার স্ত্রী তাদের রেখে যাওয়া আসবাবপত্র নিতে এলেও আন্দোলনকারী শিক্ষকদের তালার কারণে বাসায় প্রবেশ করতে পারেননি। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষকরা জানান, ফোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই ভিসির বাসভবনের তালা খুলে দেয়া হবে।
এদিকে ভিসির পদত্যাগপত্র জমাদানের খবরের পর থেকেই নতুন ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সরকারের উচ্চমহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রভাবশালী আওয়ামীপন্থী শিক্ষকরা।
শিক্ষকদের একের পর এক ভিসিবিরোধী আন্দোলনে টালমাটাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কে হচ্ছেন নতুন ভিসি? কার হাতে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার। অধ্যাপক ড. আনোয়ার হোসেন ১২ জানুয়ারি আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয়ার পর এটাই এখন ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত প্রশ্ন।
বিগত মহাজোট সরকারের আমলে খোদ সরকার দলের লোক হয়েও সাবেক ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন। তাছাড়া ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সরকারপন্থী হওয়ার পরও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় মেনে নেননি আওয়ামীপন্থী প্রভাবশালী শিক্ষকরা।
ফলে নতুন ভিসি নিয়োগের ব্যাপারে সরকারকে কঠিন পরীক্ষা দিতে হবে। অন্যথায় তার পরিণতিও হবে অধ্যাপক ড. আনোয়ারের মতো। ক্যাম্পাসবাসীর প্রত্যাশা এমন একজন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হোক যিনি আবারও শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন পদত্যাগের পর নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেতে পারেন যেসব শিক্ষক তাদের মধ্যে আছেন সাবেক ভিসি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। গুঞ্জন উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্রান্তিকালে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে পারেন সাবেক ভিসি।
অধ্যাপক ড. আনোয়ার হোসেনের দেয়া ভিসি প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ৫০টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে প্রথম হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন ১২টি বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক এই ভিসি।
তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক, বিখ্যাত রসায়নবিদ, শিক্ষকদের মধ্যে ভিন্ন ইমেজের অধিকারী ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম দিকের শিক্ষার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয়ে তার প্রভাব ও অনুসারী শিক্ষকের সংখ্যাও প্রচুর। তবে আন্দোলনের মুখে পদত্যাগ করা ও বর্তমানে পিএসসির সদস্য হওয়ায় তিনি এই দায়িত্ব নাও নিতে পারেন।
ভিসি পদপ্রার্থীদের নামের তালিকায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  নুরুল আলমের নামও রয়েছে। ভিসি প্যানেল নির্বাচনে তিনি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সঙ্গে দ্বৈতভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮টি ভোট পেয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের টালমাটাল এ অবস্থায় একটি চমক আসতে পারে। এ চমকটি হতে পারেন নৃ-বিজ্ঞান বিভাগের অভিজ্ঞ ও প্রভাবশালী আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. ফারজানা ইসলাম। দায়িত্ব পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি হবেন প্রথম নারী ভিসি।
বর্তমান প্রোভিসি (প্রশাসন) এবং নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষক অধ্যাপক আফসার আহমদও হতে পারেন ভিসি। কারণ শিক্ষকদের আন্দোলনের মাঝেও তিনি শক্ত হাতে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও প্রোভিসি এমএ মতিন (শিক্ষা), আন্দোলনকারী ঐক্য ফোরমের আহŸায়ক হানিফ আলী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আমির হোসেনও ভিসির পদে আসীন হতে পারেন।
[b]শীতকালীন ছুটি আজ শুরু[/b]
আজ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শীতকালীন ছুটি উপলক্ষে এই আট দিন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এ ছুটি শেষে ২২ জানুয়ারি বুধবার থেকে যথারীতিভাবে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাছাড়া ১৪ থেকে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।