গাজীপুর: প্রিজন ভ্যান থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনায় আরো এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন হাবিলদার মেজর আইয়ুব আলী।
মঙ্গলবার গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর পুলিশ লাইনের হাবিলদার মেজর আইয়ুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
আসামি ছিনতাই ঘটনায় এ নিয়ে গাজীপুরের তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। এর আগে লাইনের সুবেদার আবদুল করিমকে সাময়িক বরখাস্ত এবং সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সাইয়দুল করিমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
এদিকে, আসামি ছিনতাইয়ের ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে।
অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের এই কমিটির সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন। পরে ত্রিশাল থানায় রাখা ক্ষতিগ্রস্ত প্রিজন ভ্যানটিও ঘুরে দেখেন তারা।
প্রসঙ্গত, গত রোববার সকালে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আদালতে নেয়ার পথে ময়মনসিংয়ের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ছিনিয়ে নেয়া হয়।
হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত হন পুলিশের দুই এসআই এবং প্রিজন ভ্যানের চালক।
অবশ্য হামলার পর ওই দিনই টাঙ্গাইলের মির্জাপুরে গ্রেপ্তার হন রাকিবুল হাসান। পরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।
এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে জাকারিয়া ও রাসেল নামের দুজনকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
[b]ঢাকা, [/b][b][b]জেইউ, [/b]২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// [/b]