সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রের নাম ইনছার আলী ।তিনি সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের মমিন সরদারের ছেলে ও খুলনা বিএল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১২ টার দিকে ইনছার আলী তার মায়ের কবর জিয়ারত করার জন্য তার পিতাকে নিয়ে মোটরসাইকেলযোগে কেশবপুর যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার সিরাশুনি নামক স্থানে পৌঁছলে খুলনা-সাতক্ষীরা সড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে দু’জনেই মারাত্মক আহত হয়।

এদের মধ্যে মমিন সরদারকে খুলনা মেডিকেল কলেজ ও ইনছার আলীকে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইনছার আলীর মৃত্যু হয়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ

[/b]