গোপালগঞ্জে মৃত বেয়াইনকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বেয়াই এহসানুল কবীর (৬৯) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেড়াখোলা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হেসেন জানান, রোববার রাতে জেলা শহরের মিয়া পাড়ায় এহসানুল কবীরের মেয়ের শ্বাশুড়ী নীহার বেগম (৫৫) ষ্ট্রোক করে মারা যান। এ খবর শুনে সোমবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে প্রাইভেটকার যোগে গোপালগঞ্জে যাচ্ছিলেন তিনি।
প্রাইভেটকারটি ওই মকসুদপুরে পৌঁছলে ঘন কুয়াশার কারণে বিপরীতমুখী অপর একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি বাস প্রাইভেট কারটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান এহসানুল কবীর। এসময় তার স্ত্রী, মেয়ে এবং ছেলে বউসহ ৫ জন অহত হয়।
এর মধ্যে গুরুতর আহতাবস্থায় রাশিদা বেগম , শারমিন জাহান  ও বৃষ্টিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  
নিহত এহসানুল কবীর ইউসিবি ব্যাংকের সাবেক কর্মকর্তা ও তাদের বাসা ঢাকার শ্যামলীতে।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]